সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) হজ ব্যবস্থাপনা–সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর এ দুটি প্যাকেজের ঘোষণা দেন।
ধর্মমন্ত্রী জানান, হজ প্যাকেজ–১–এর আওতায় মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১ হাজার থেকে ১ হাজার ৪০০ মিটারের মধ্যে হোটেলে থাকার ব্যবস্থা থাকবে। মদিনায় আবাসন হবে মারকাজিয়া এলাকায়। মিনায় জোন-২–এ তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ–৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। এ প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল সাধারণত ৩৫ থেকে ৪০ দিন।
এ ছাড়া অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড এবং স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজ সুবিধাও নেওয়া যাবে। এই প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
অন্যদিকে হজ প্যাকেজ–২ (সাশ্রয়ী)–এর খরচ রাখা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে হোটেলে থাকার ব্যবস্থা থাকবে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে সর্বোচ্চ ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।
এ প্যাকেজের হজযাত্রীদের জন্য মিনায় জোন-৫–এ তাঁবুর ব্যবস্থা থাকবে। মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ–৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেল যদি হারাম শরিফ থেকে ২ কিলোমিটারের বেশি দূরে হয়, তাহলে সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধা দেওয়া হবে।