সৌদিতে দুই বাংলাদেশির শাস্তি: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য

সৌদি আরবে দুই বাংলাদেশিকে শাস্তি দেওয়ার বিষয়ে তথ্য জানতে দেশটির সরকারকে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি সরকারের জবাব পাওয়ার পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘এই ঘটনাটি কখন এবং কীভাবে ঘটেছে, সে সম্পর্কে আমাদের মিশনকে অবগত করা হয়নি। কেন অবগত করা হয়নি, সে বিষয়ে বিস্তারিত জানার জন্য সৌদি সরকারের কাছে অপেক্ষা করতে হবে। যেহেতু বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই, তাই আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। যখন জানবো, তখন আরও পরিষ্কারভাবে বলতে পারবো।’

তিনি উল্লেখ করেন, সব দেশেরই একটি আইনি কাঠামো রয়েছে। সৌদি আরবের আইন ও বিচারব্যবস্থা বহু বছর ধরে একইভাবে চলে আসছে। দেশটির আইনে কোনো ঘটনা ঘটলে বাংলাদেশের পক্ষ থেকে খুব বেশি কিছু করার থাকে না।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশেও কোনো বিদেশি অন্যায় করলে দেশের আইনে তার শাস্তি হতে পারে। যে দেশে ঘটনা ঘটবে, সেই দেশের আইনই কার্যকর হবে। এ ঘটনাকে বাংলাদেশের প্রবাসীদের জন্য একটি শিক্ষা হিসেবে দেখার কথা বলেন তিনি। প্রবাসীদের বিদেশে কাজ করতে গেলে সংশ্লিষ্ট দেশের আইন-কানুন মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক। এ ধরনের খবর তারা আশা করেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি সরকারকে চিঠি দিয়েছে এবং এখন জবাবের জন্য অপেক্ষা করতে হবে। জবাব পাওয়ার পর বিষয়টি আরও পরিষ্কারভাবে জানানো যাবে।

প্রতিমন্ত্রী জানান, ওই দুই বাংলাদেশির নাম জানা গেছে। তবে তারা কত দিন ধরে সৌদি আরবে কাজ করছিলেন, তাদের নিয়োগকর্তা কে ছিলেন এবং ঘটনার বিস্তারিত তথ্য জানতে সৌদি সরকারকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর তাদের মরদেহ কবে ও কীভাবে দেশে আনা যাবে, সে বিষয়ে জানানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, যুদ্ধের কারণে কিছুদিন আগে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তাদের মরদেহ দেশে আনার প্রক্রিয়াও চলমান। এ ক্ষেত্রে সৌদি আরব ও বাংলাদেশের পক্ষ থেকে কিছু সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সৌদি সরকারের কাছ থেকে ঘটনা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার পর মরদেহ আনার পরবর্তী পদক্ষেপ ও সময় নিয়ে আলোচনা করা যাবে।

All Categories