সোলার যন্ত্রপাতির আমদানিতে ১ শতাংশ শুল্ক সুবিধা

শিল্পে ব্যবহৃত সৌরবিদ্যুৎ বা সোলারের সকল ধরনের যন্ত্রপাতি আগামী ৬ মাসের জন্য ১ শতাংশ শুল্কে আমদানি করার সুযোগ দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) ১৬ সেপ্টেম্বর জারি করা এক আদেশে জানানো হয়েছে, শিল্পের জন্য সোলারের যন্ত্রপাতির আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। এর ফলে এসব যন্ত্রপাতি এখন ১ শতাংশ শুল্কে আমদানি করা যাবে। আইআরডির ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবীব স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, এই সুবিধা আগামী ছয় মাস কার্যকর থাকবে।

এছাড়া, শিল্পপ্রতিষ্ঠানের বাইরে অন্যান্য বাণিজ্যিক আমদানিকারকেরাও দেশের উৎপাদিত কিছু কম্পোনেন্ট বাদে সোলারের অধিকাংশ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ১ শতাংশ শুল্কে আমদানি করতে পারবেন।

পূর্বে এসব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে পণ্যভেদে মোট করভার ২৩ থেকে ৬৪ শতাংশ পর্যন্ত ছিল। এনবিআরের মতে, এই সিদ্ধান্তের ফলে দেশে সৌর বিদ্যুৎ প্রকল্পের মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে এবং নতুন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দ্রুত বৃদ্ধি পাবে।

All Categories