সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান অনুযায়ী ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি এখনো উচ্চ আদালতে বিচারাধীন এবং এটি আইনে পরিণত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত কার্যকর হবে না।
রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশনে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের নয়। সংবিধান অনুযায়ী এমন কোনো পরিষদের অস্তিত্ব বর্তমানে নেই এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন। অন্যদিকে স্পিকার ও ডেপুটি স্পিকার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন, যাতে সংসদের কার্যক্রম পরিচালনায় নিরপেক্ষতা বজায় থাকে।
সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবিধানিকভাবে এমন কোনো পরিষদের অস্তিত্ব এখনো প্রতিষ্ঠিত হয়নি। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে আগে সংবিধান সংশোধন করতে হবে।
তিনি বলেন, এ বিষয়ে সংসদে আলোচনা হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে বিষয়টি অন্তর্ভুক্ত হলে তবেই পরিষদ গঠন, কাঠামো নির্ধারণ ও শপথ গ্রহণসহ পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।