শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসক বরখাস্ত
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনের সময় এক চিকিৎসককে তার কক্ষে ধূমপান করতে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। এই ঘটনায় প্রধানমন্ত্রী তাকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শিশু হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ ও হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, পরিদর্শনের সময় হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে প্রধানমন্ত্রী তাকে ধূমপান করতে দেখেন। এ সময় ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন ছিল। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকের এমন আচরণ দেখে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন।
সহকারী প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশের পর হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।