সিঙ্গেল ডে: প্রেমিক বা প্রেমিকা না থাকলেও জীবন উপভোগ করুন

প্রেমিক বা প্রেমিকা নেই? মেসেজের জন্য ফোন হাতে বসে থাকার প্রয়োজন নেই। রাতে ‘খেয়েছ?’ জিজ্ঞেস করার মতো কেউ নেই? তাহলে মন খারাপ করার কিছু নেই! বরং আজ নিজের জন্য একটু হাসুন। কারণ আজ সিঙ্গেলদের দিন।

আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল ডে। যারা এখনো কোনো সম্পর্কে জড়াননি, কিংবা জীবনের কোনো এক পর্যায়ে একা হয়ে গেছেন, তাদের জন্য দিনটি নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ। সিঙ্গেল ডের সবচেয়ে সুন্দর বার্তা হলো- সম্পর্ক না থাকলেও জীবন সুন্দর হতে পারে।

সিঙ্গেল ডে পালনের ইতিহাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২৩ সেপ্টেম্বর এই দিনটি পালনের সঙ্গে রিড নামের এক ব্যক্তির উদ্যোগের কথা উল্লেখ করা হয়। আগে দিনটি বছরের অন্য সময়ে পালিত হলেও, ২০১৭ সাল থেকে ২৩ সেপ্টেম্বর পালনের প্রচলন শুরু হয়।

অন্যদিকে, চীনে সিঙ্গেলস ডে পালিত হয় ১১ নভেম্বর বা ১১.১১ তারিখে। চারটি ‘১’ পাশাপাশি থাকায় দিনটি একক মানুষের প্রতীক হিসেবে জনপ্রিয়। ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এই উদ্‌যাপন শুরু হয় এবং পরে তা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সমাজে ছড়িয়ে পড়ে। সিঙ্গেল ডে শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকা না থাকার গল্প নয়, বরং নিজের মতো করে বাঁচার আনন্দও।

আমাদের সমাজে একটি ধারণা রয়েছে যে, কারো প্রেমিক বা প্রেমিকা না থাকলে তার জীবনে কিছু একটা কম আছে। বন্ধুর বিয়ে, কারো প্রেম, কেউ বছরের পর বছর সম্পর্কে আছে। আর আপনি সিঙ্গেল? প্রশ্ন আসবেই- ‘তোমার কেউ নেই?’ এই কথায় যেন একটি দীর্ঘশ্বাস জুড়ে দেওয়া হয়।

কিন্তু সত্য হলো, একজন মানুষের জীবনের পূর্ণতা তার সম্পর্কের ওপর নির্ভর করে না। ভালোবাসা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তা শুধুমাত্র প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে আসতে হবে এমন কোনো নিয়ম নেই। বন্ধুত্ব, পরিবার, স্বপ্ন, কাজ এবং শখ রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের সঙ্গে নিজের সম্পর্ক রয়েছে।

সম্পর্কে থাকলে দুজনের সময়, পছন্দ ও পরিকল্পনার মধ্যে সমন্বয় করতে হয়। সিঙ্গেল জীবনে অন্তত এই জায়গায় নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বেশি।

ছুটির দিনে ঘুমাতে চান? ঘুমান। সিনেমা দেখতে ইচ্ছে করছে? চলে যান। মাঝরাতে বই পড়তে ইচ্ছে করছে? পড়ুন। নিজের পছন্দের খাবার অর্ডার করুন। কেউ জিজ্ঞেস করবে না, ‘এত রাতে কোথায় যাচ্ছ?’ এই স্বাধীনতাকে ছোট করে দেখার কিছু নেই। কারণ নিজের সময়কে নিজের মতো করে ব্যবহার করা মানে শুধু স্বাধীনতা নয়, নিজেকে নতুন করে আবিষ্কার করার সুযোগও।

প্রেমে পড়লে আমরা অনেক সময় অজান্তেই অন্য মানুষের পছন্দকে গুরুত্ব দিতে শুরু করি। সিঙ্গেল ডে তাই হতে পারে নিজের পছন্দের তালিকাটা আবার খুলে দেখার দিন। যে পোশাকটি কেনার কথা ভাবছেন, কিনে ফেলুন। পছন্দের ক্যাফেতে একা বসে কফি খান। পার্লারে গিয়ে নিজের যত্ন নিন। ঘরে ফিরে প্রিয় সিনেমা দেখুন। অথবা কিছু না করে সারাদিন নিজের মতো করে কাটিয়ে দিন।

সোশ্যাল মিডিয়া কখনো কখনো সিঙ্গেলদের জন্য সবচেয়ে বড় বিপদ। ফেসবুক-ইনস্টাগ্রাম খুললেই কারো এনগেজমেন্ট, কাপল ছবি, সারপ্রাইজ গিফট, ডিনার ডেট। তখন মনে হতে পারে- ‘শুধু আমার জীবনেই এসব নেই!’ কিন্তু মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় মানুষ সাধারণত জীবনের সুন্দর মুহূর্তগুলোই দেখায়। সম্পর্কের ভুল বোঝাবুঝি, কান্না, একাকীত্ব কিংবা অশান্তির গল্প খুব কমই সামনে আসে। তাই অন্যের সাজানো ছবির সঙ্গে নিজের জীবনকে তুলনা করার প্রয়োজন নেই।

সিঙ্গেল হওয়া আর একাকী হওয়া এক জিনিস নয়। কেউ সম্পর্কে থেকেও একাকী হতে পারেন। আবার কেউ একা থেকেও পরিবার, বন্ধু, কাজ, বই, ভ্রমণ কিংবা নিজের স্বপ্নে পরিপূর্ণ জীবন কাটাতে পারেন।

তাহলে যদি এখনো আপনার জীবনে ‘মনের মানুষ’ না আসে, তাতে দুশ্চিন্তার কিছু নেই। ভালোবাসা কোনো পরীক্ষার ফল নয় যে নির্দিষ্ট বয়সের মধ্যে পেতে হবে। কেউ ২০ বছর বয়সে প্রেম খুঁজে পান, কেউ ৩০-এ, কেউ আরও পরে। আবার কেউ হয়তো নিজের জীবনকে অন্যভাবে সাজাতে চান।

আজ নিজের জন্য এমন কিছু করুন, যা করতে গিয়ে মনে হবে- ‘হ্যাঁ, এই সময়টা শুধু আমার।’ সকালে একটু বেশি ঘুমাতে পারেন। পছন্দের নাশতা বানাতে পারেন। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। একা সিনেমা দেখতে পারেন। বই পড়তে পারেন। হাঁটতে বের হতে পারেন। কিংবা ফোনটা কিছু সময়ের জন্য দূরে রেখে নিজের সঙ্গে একটু সময় কাটাতে পারেন।

প্রেম জীবনের একটি সুন্দর অংশ হতে পারে, কিন্তু পুরো জীবন নয়। তাই আজ যারা সিঙ্গেল, তাদের জন্য একটি কথা- প্রেমিক বা প্রেমিকা নেই? সমস্যা কী! জীবন তো আছে। স্বপ্ন আছে। বন্ধু আছে। পরিবার আছে। নিজের জন্য অসংখ্য গল্প এখনো লেখা বাকি। আর কে জানে, হয়তো কোনো একদিন সেই গল্পে ভালোবাসাও এসে যোগ হবে। ততদিন পর্যন্ত- সিঙ্গেল থাকুন, নিজের মতো থাকুন, আর জীবনটাকে উপভোগ করুন।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, মিডিয়াম এসএকেওয়াই

All Categories