সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার বাসের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত শিশুসহ আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, আহতদের উদ্ধার করে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ওসি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

All Categories