সিডনির রাস্তায় শাবনূরের অনুরোধে গেয়েছেন রবি চৌধুরী

সিডনির রাস্তায় শাবনূরের অনুরোধে গেয়েছেন রবি চৌধুরী

দুই ভুবনের বন্ধু গায়ক রবি চৌধুরী ও অভিনেত্রী শাবনূর আবারও একসঙ্গে সময় কাটিয়েছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে শুক্রবার (৯ অক্টোবর) তাদের পুরোনো বন্ধুত্বের এক মধুর দৃশ্য দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সিডনির রাস্তায় গাড়ি চালাচ্ছেন শাবনূর। পাশের আসনে বসে গান শুনছেন রবি চৌধুরী, আর পেছনের আসনে শাবনূরের ছেলে আইজান নেহান।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন শাবনূর। এদিকে সম্প্রতি সিডনিতে মঞ্চ শোতে গাইতে গেছেন রবি চৌধুরী। তার আসার খবর পেয়ে শাবনূর আগেই ঠিক করেন, একসঙ্গে ঘুরবেন। শুক্রবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ পায়।

সিডনির বিভিন্ন মনোরম জায়গা রবিকে ঘুরিয়ে দেখালেন শাবনূর। এ সময় তার অনুরোধে রবি পছন্দের গান 'যেভাবেই তুমি সকাল দেখো' গেয়ে শোনান। পরে গাড়ি থেকে নেমে শাবনূরের অনুরোধে আরও জনপ্রিয় গান গেয়ে ওঠেন তিনি।

শাবনূর ও রবি চৌধুরীর জন্মদিন একই দিনে—১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদযাপন করেছেন দুজনে। সময়ের সঙ্গে দুজনের জীবনের গতিপথ বদলেছে, বদলে গেছে ঠিকানাও; কিন্তু বন্ধুত্ব রয়ে গেছে আগের মতোই।

All Categories