সহযোগীসহ আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

ঢাকার অপরাধজগতের কুখ্যাত সন্ত্রাসী ও একসময়ের শীর্ষ হোতা সুব্রত বাইনকে অস্ত্রসহ কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তাঁর সঙ্গে থাকা সহযোগী মোল্লা মাসুদকেও একই অভিযানে আটক করা হয়। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযান চালায় সেনাবাহিনীর একটি চৌকস দল।

অভিযান চলাকালে ওই বাসা থেকে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। সকাল থেকেই পুরো এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনীর সদস্যরা। অভিযানের একপর্যায়ে সেখান থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। অভিযান শেষে তাঁদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, আজ যে কোনো সময় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযানের বিস্তারিত তুলে ধরা হতে পারে।

সুব্রত বাইন এক সময় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, খুন, সন্ত্রাস ও দখলদারিত্বের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা ও অস্ত্র আইনের মামলা রয়েছে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।

All Categories