শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক নোটিশে জানায় ডিএসই।

স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

ডিএসই জানায়, ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৫ অনুযায়ী ৫ নভেম্বর থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ‘অকার্যকর প্রতিষ্ঠান’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ কারণেই শেয়ার লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট ব্যাংকগুলো ডিএসইকে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ৫ নভেম্বর এক চিঠিতে নির্দেশ দিয়েছে যে, তারা ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী পরিচালিত হবে। আরেক চিঠিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদও ভেঙে দিয়েছে।

ব্যাংকগুলোকে একীভূতকরণ ও পুনর্গঠনের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ডিএসই জানায়, এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত স্বচ্ছ সিদ্ধান্ত প্রয়োজন, যাতে বাজারে অনিশ্চয়তা দীর্ঘ না হয়।

All Categories