শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে ১১ মে প্রধান উপদেষ্টার ডাকা জরুরি বৈঠক
শেয়ারবাজারের সাম্প্রতিক ব্যাপক পতনের প্রেক্ষাপটে উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ১১ মে (রোববার) দুপুর ১২টায় তাঁর সরকারি বাসভবন যমুনায় এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার দপ্তর। গতকাল মঙ্গলবার বৈঠক আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসির চেয়ারম্যান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সেখানে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন। ৯ মে কর্মশালা শেষে ১০ মে দেশে ফেরার কথা রয়েছে তাঁর।
তবে দেশে ফেরার এক দিন পরই ১২ মে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অংশ নেওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা আইওএসসিও–এর বার্ষিক সভায়।
বিএসইসি চেয়ারম্যানের একান্ত সচিব মো. জাহাঙ্গীর নিশ্চিত করেছেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে সাম্প্রতিক পতনের পেছনের কারণ, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার উপায় এবং বাজার স্থিতিশীল রাখতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।