সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জনের প্রাণহানি

সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত ও ৬৭৪ জন আহত হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে ১৪ জন প্রাণ হারিয়েছেন; নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু। রোববার (৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোট নিহতের প্রায় এক-তৃতীয়াংশ মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। মাসটিতে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হন। বেপরোয়া গতির কারণে ১০৬ জন পথচারীও প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন।

আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি, ১৭৮টি দুর্ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়কে ১৪৫টি, গ্রামীণ সড়কে ৫৬টি এবং শহরের সড়কে ৬৩টি দুর্ঘটনা হয়েছে। ঢাকা বিভাগে ১৩২টি দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৩১ দশমিক ৬৭ শতাংশ। একক জেলা হিসেবে গাজীপুরে সর্বাধিক ৩৮ জন নিহত হয়েছেন। রাজধানীতে ৫২টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৭ জন আহত হন।

নিহতদের মধ্যে শিক্ষার্থী ছিলেন ৫৮ জন। সেপ্টেম্বরে ১১টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ২৩টি রেল দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বেপরোয়া গতি, অদক্ষতা, ত্রুটিপূর্ণ সড়ক ও যানবাহন, চালকদের দীর্ঘ কর্মঘণ্টা এবং মহাসড়কে স্বল্পগতির যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ। নিরাপদ সড়কের জন্য সচেতনতা বাড়ানো ও কার্যকর সরকারি উদ্যোগের ওপর জোর দেওয়া হয়েছে।

All Categories