সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযান, ৪২ কোটি টাকার মাদক জব্দ
কক্সবাজারের টেকনাফ সীমান্তঘেঁষা দ্বীপ সেন্ট মার্টিনের সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৪২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ-মায়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) সংলগ্ন বাংলাদেশের জলসীমায় আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিসিজি স্টেশন সেন্ট মার্টিনের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সমুদ্রসীমায় একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তিনটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে দ্রুত সীমানা পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে আভিযানিক দল সাগরে ভাসমান তিনটি বস্তা উদ্ধার করে তল্লাশি চালায়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লে. কমান্ডার মারুফ আহমেদ সৌখিন জানান, উদ্ধার করা মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ রক্ষা এবং সর্বপ্রকার চোরাচালান ও মানব পাচার রোধে কোস্ট গার্ড সার্বক্ষণিক টহল ও অভিযান চালিয়ে আসছে।
দ্বীপটিকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখা এবং মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।