‘সব দল নয়,ডিসেম্বরে নির্বাচন চায় শুধু একটি দল
বাংলাদেশের সব রাজনৈতিক দল নয়, চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে কেবল একটি দলই মত দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৯ মে) জাপানের রাজধানী টোকিওতে ‘নিক্কেই ফোরাম: ৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলন-২০২৫’-এ মূল বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার পর প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।
বর্তমানে চারদিনের সফরে জাপানে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূস বলেন, আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের ন্যায়বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রের মসৃণ রূপান্তরের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি দায়িত্বই অন্তর্বর্তী সরকার পালনের চেষ্টা করছে জানিয়ে তিনি আরও বলেন, ডিসেম্বরে নির্বাচন হবে কি না, তা নির্ভর করছে চলমান সংস্কার প্রক্রিয়া কতটা সম্পন্ন হয়, তার ওপর।
ডিসেম্বরে নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বলছে, সব দল নয়। সরকার ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে অনেক কিছু তাড়াহুড়ো করে করতে হবে, যা সংস্কারের মানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ভালোভাবে প্রস্তুতি ও সংস্কার সম্পন্ন করতে ডিসেম্বরের পর আরও ছয় মাস সময় প্রয়োজন, বলেন প্রধান উপদেষ্টা।
তিনি আরও বলেন, অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এই সরকার দায়িত্বে এসেছে। দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের মূল লক্ষ্য।
বক্তব্যে ড. ইউনূস রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেশের সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন।
এশিয়ার বর্তমান অস্থির বাস্তবতায় শান্তি, পারস্পরিক আস্থা ও অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ড. ইউনূস। তিনি বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ কেবল জিডিপির প্রবৃদ্ধি দিয়ে নয়, নির্ধারিত হবে মানুষের কল্যাণ, পারস্পরিক বিশ্বাস ও সাহসিকতার ভিত্তিতে।
এ সময় তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন ড. ইউনূস। তিনি বলেন, "চাকরির জন্য অপেক্ষা না করে তরুণদের নিজেদের উদ্যোগে কিছু করার মানসিকতা গড়ে তুলতে হবে। তবেই একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।