সাভারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারে ৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো: রায়হান ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। পুলিশের দাবি, রায়হান একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, ২ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে সাভার মডেল থানার জোরপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। এর অংশ হিসেবে ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো: মাসুদ আল মামুন সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স নিয়ে জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রায়হান ইসলামকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান ইসলামের বাড়ি নাটোরের লালপুর থানার নবীরপাড়া এলাকায়। তাঁর বাবা মো. বকুল ও মা রাশেদা বেগম। বর্তমানে তিনি ঢাকার শেরেবাংলা নগর থানার ২৬৮/২ পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রায়হানের বিরুদ্ধে আগে একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

All Categories