Oct 14, 2026
শারমিন-স্বর্ণার ফিফটির পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

শারমিন-স্বর্ণার ফিফটির পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭২ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামা শেষ ওয়ানডেতেও লড়াকু সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ নারী দল। শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের জোড়া অর্ধশতকের পরও ৪৯.৫ ওভারে ১৭২ রানে অলআউট হয়েছে টাইগ্রেসরা। ফলে সিরিজের শেষ ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার লক্ষ্য ১৭৩ রান।

ব্রিসবেনে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। আবারও শুরুতেই ধস নামে, মাত্র ১৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

মুর্শিদা খাতুন ১, শারমিন সুলতানা ৬ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩ রান করে বিদায় নেন। আগের ম্যাচে সেঞ্চুরি করা সোবহানা মোস্তারি এবার ২৪ বলে করেন মাত্র ৯ রান।

এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিচ্ছিলেন শারমিন আক্তার। ৯৩ বলে ৮টি চারে ফিফটি পূর্ণ করার পরপরই ঠিক ৫০ রানে আউট হন তিনি। রিতু মনি ফেরেন ৯ রানে।

১১৫ রানে ৬ উইকেট হারানোর পর রাবেয়া খানকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন স্বর্ণা আক্তার। রাবেয়া ১৬ বলে ১৩ রান করে বোল্ড হন।

স্বর্ণা অবশ্য অর্ধশতক তুলে নেন। ৭১ বলে ৪টি চারে ৫৪ রান করে তিনি আউট হলে দুইশ রানের আশাও শেষ হয়ে যায়। দিশা বিশ্বাস ১৩ রানে অপরাজিত ছিলেন।

অস্ট্রেলিয়ার পক্ষে মেগান শাট মাত্র ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন।

All Categories