শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১ নভেম্বর

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও পেছানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ১ নভেম্বর অভিযোগ গঠনের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে।

বুধবার (৭ অক্টোবর) সকালে মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, দীপু মনি ও শাহরিয়ার কবির।

এর আগে ২৭ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন, যা পরে ট্রাইব্যুনাল আমলে নেয়। শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউশনের তদন্তে এ ঘটনায় ৬১ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। মামলার ৩০ আসামি পলাতক রয়েছেন।

অভিযোগ গঠন হলে মামলার সাক্ষ্যগ্রহণসহ বিচারিক কার্যক্রম শুরু হবে।

এদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য রয়েছে আজ।

All Categories