সাংবাদিকের চরিত্রে পরিণীতি, আসছে থ্রিলার ‘রিপোর্টিং লাইভ’
এক সাংবাদিক সত্যের সন্ধানে ছুটছেন। সামনে রহস্যের ভাণ্ডার, পেছনে শক্তিশালী অপরাধচক্র। অনুসন্ধানের সাথে সাথে বিপদও ঘনিয়ে আসছে। এই গল্প নিয়ে আসছে নতুন ইনভেস্টিগেটিভ থ্রিলার ‘রিপোর্টিং লাইভ’।
ধ্রুব ত্রিপাঠী পরিচালিত ছবিটির ট্রেলার গত শনিবার প্রকাশিত হয়েছে। দুই মিনিট দুই সেকেন্ডের ট্রেলারে সাংবাদিকের চরিত্রে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়াকে এক ভিন্ন রূপে দেখা গেছে। সাংবাদিক চরিত্রে এটি তাঁর প্রথম অভিনয়। ছবির কেন্দ্রীয় চরিত্র সন্ধ্যা, যিনি পেশাগত দায়িত্বের বাইরেও সত্যের প্রতি ব্যক্তিগত দায়বদ্ধতা অনুভব করেন। তিনি ঘটনার পেছনে থাকা মানুষ, উদ্দেশ্য ও যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করেন।
এই অনুসন্ধান একসময় তাঁকে বেআইনি বালিখাদানের অন্ধকার জগতে নিয়ে যায়। সন্ধ্যার সঙ্গে রয়েছেন ক্যামেরাপারসন বিনোদ, চরিত্রটিতে অভিনয় করেছেন দেবেন ভোজানি। একটি ঘটনার তদন্ত করতে গিয়ে তারা আবিষ্কার করেন, এর সাথে জড়িয়ে আছে অবৈধ বালু ব্যবসা, যা ছবিতে ‘ব্রাউন গোল্ড’ হিসেবে পরিচিত। এই ব্যবসার নিয়ন্ত্রণে রয়েছে একটি শক্তিশালী অপরাধচক্র।
প্রাথমিকভাবে ঘটনাটি একটি অনুসন্ধানী প্রতিবেদনের বিষয় বলে মনে হয়। তবে তদন্ত যত এগোয়, ততই পরিস্থিতি বদলে যায়। সন্ধ্যা ও বিনোদ বুঝতে পারেন, তারা যে সত্যের পেছনে ছুটছেন, সেটি প্রকাশ্যে এলে অনেক ক্ষমতাবান মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। ফলে তাদের অনুসন্ধানের পথে নানা ধরনের চাপ আসতে শুরু করে, যার মধ্যে রয়েছে হুমকি, হামলা ও নজরদারি। একসময় তাদের জীবন বাঁচানো এবং সত্য প্রকাশের মধ্যে বেছে নেওয়ার পরিস্থিতিতে পড়তে হয়।
ট্রেলারে সেই আবহের বেশ কিছু মুহূর্ত রয়েছে, যেখানে ধাওয়া, মারধর, হামলা ও রক্তাক্ত সংঘর্ষের দৃশ্য দেখা যায়। সাংবাদিকতার ঝুঁকি ও দায়িত্বের বিষয়টি ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে। পরিণীতির চরিত্রটি তাঁর ক্যারিয়ারের একটি বিশেষ কাজ হতে পারে, যেখানে তাঁর কৌতূহল ও সাহস প্রধান বৈশিষ্ট্য।
পরিণীতি জানান, ‘রিপোর্টিং লাইভ’ তাঁকে এমন একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছে, যা তিনি আগে কখনও করেননি। সাংবাদিকতার বিভিন্ন দিক, যেমন তথ্য যাচাই করা, ঝুঁকি নেওয়া এবং নিজের নিরাপত্তা নিয়ে ভাবা, চরিত্রটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
দেবেন ভোজানি চরিত্রটি অনুসন্ধানে গুরুত্বপূর্ণ সহযোগী বিনোদ। তিনি শুধু ঘটনা ধারণ করেন না, বরং অনুসন্ধানের অংশীদারও হয়ে ওঠেন। দেবেনের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।
ছবিতে বর্ষীয়ান অভিনেতা অমল পালেকর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রটি গল্পের কোন স্তরে গিয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তা নির্মাতারা এখনও পুরোপুরি প্রকাশ করেননি।
ধ্রুব ত্রিপাঠী পরিচালনায় এটি তাঁর প্রথম ছবি, যেখানে তিনি মিহির যাদবের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন। বেআইনিভাবে বালু উত্তোলন নিয়ে তৈরি হওয়া চক্রের গল্পকে থ্রিলারের কাঠামোয় উপস্থাপন করা ছবিটির অন্যতম বৈশিষ্ট্য।
নেট ফ্লিক্সে আগামীকাল শুক্রবার মুক্তি পাবে ‘রিপোর্টিং লাইভ’। পরিণীতির নতুন চরিত্র, দেবেন ভোজানির ভিন্নধর্মী উপস্থিতি, অমল পালেকরের অভিনয় এবং ধ্রুব ত্রিপাঠীর পরিচালনা—সব মিলিয়ে ছবিটি নিয়ে আগ্রহের কারণ কম নয়।