সালমান খানের ‘মাতৃভূমি’ মুক্তির তারিখ অনিশ্চিত, কারণ জানালেন নির্মাতারা

সালমান খানের প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’ এখনও মুক্তির জন্য প্রস্তুত হয়নি। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত এই সিনেমাটি বর্তমানে পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে এবং নির্মাতারা এখনও সিনেমাটির চূড়ান্ত কাট নির্ধারণ করতে পারেননি।

এ কারণে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ড (সিবিএফসি) এর কাছে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। ‘মাতৃভূমি’ চলতি বছরের এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে পরে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। এরপর থেকে সিনেমাটির মুক্তির সময় নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। সম্প্রতি খবর বেরিয়েছে যে, শিগগিরই সিবিএফসির ছাড়পত্রের জন্য সিনেমাটি পাঠানো হতে পারে এবং বছরের শেষ নাগাদ মুক্তি পেতে পারে।

তবে সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, সিনেমাটি এখনও ছাড়পত্র পাওয়ার পর্যায়ে পৌঁছায়নি। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, সংগীত পরিচালক রবি বসরুর বর্তমানে অক্টাভিয়া স্টুডিওসে সিনেমাটির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ করছেন এবং নির্মাতারা সিনেমাটিতে কিছু পরিবর্তনও করছেন। সিনেমায় যেসব পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে, সেগুলো যুক্ত করা হচ্ছে। চূড়ান্ত সংস্করণ এখনো লক করা হয়নি।

একটি সূত্র জানিয়েছে, বাকি পরিবর্তনগুলো শেষ হওয়ার পরই ‘মাতৃভূমি’ সিবিএফসির কাছে পাঠানো হবে। তাই মুক্তির তারিখ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত কাট নির্ধারণ এবং ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

এদিকে, সালমান খানের হাতে রয়েছে আরও একটি সিনেমা। নির্মাতা ভামসি পেইডিপল্লির সেই সিনেমাটির নাম নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে এটি ‘মনস্টার’ নামে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। সিনেমাটিতে সালমানের বিপরীতে নয়নতারা অভিনয় করতে পারেন এবং আগামী বছর ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

All Categories