সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাস্লো ক্রাসনাহোরকাই
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির বিশিষ্ট ঔপন্যাসিক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সাহিত্যে নোবেল বিজয়ী ১২২তম লেখক হিসেবে তাঁর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।
অ্যাকাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, প্রলয়াতঙ্কের মাঝেও শিল্পের শক্তিকে প্রতিবিম্বিত করা তাঁর মনোমুগ্ধকর ও দূরদর্শী লেখার জন্য” ক্রাসনাহোরকাইকে এ বছরের পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
সাহিত্যে নোবেল পুরস্কারের অংশ হিসেবে তিনি পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকার সমান। গত বছর এ সম্মাননা পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক ও কবি হান কাং।
চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়েছে সোমবার চিকিৎসা শাখার পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে। মঙ্গলবার ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞানে এবং বুধবার রসায়নে বিজয়ীদের নাম। সাহিত্যের পর শুক্রবার শান্তিতে ও আগামী ১৩ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, সুইডেনের স্টকহোমে এক জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে নোবেল পুরস্কার।