শাহবাগে সমাবেশস্থলে ছাত্রদলের নেতা–কর্মীরা, স্লোগানে মুখর পরিবেশ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার রাজধানীর শাহবাগে ছাত্রসমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর আড়াইটায় শুরু হতে যাওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।
রবিবার সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেছেন। দুপুর পৌনে ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলে মূল মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে, চলছিল সৌন্দর্য বর্ধনের কাজ। শাহবাগ মোড়জুড়ে ভিড় বাড়ছে নেতাকর্মীদের। খণ্ড খণ্ড মিছিল এসে মিলছে সমাবেশস্থলে।
শাহবাগ এলাকা স্লোগানে মুখর হয়ে উঠেছে। নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা। কেউ রাস্তার ধারে বসে আছেন, কেউবা এদিক-সেদিক ঘোরাফেরা করছেন। রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় অনেকেই হেঁটে শাহবাগে পৌঁছেছেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, শাহবাগে অতীতে যত ছাত্রসমাবেশ হয়েছে, তার মধ্যে আজকের সমাবেশ হবে সবচেয়ে বড়। গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এই সমাবেশকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর গণতান্ত্রিক ধারা ব্যাহত হয়েছে। সেই অবস্থার পরিবর্তনে তরুণদের বলিষ্ঠ ভূমিকার মধ্য দিয়েই আজকের সমাবেশ সফল হবে। কয়েক লক্ষাধিক নেতাকর্মীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের আশা করছি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।