সাগরে লঘু চাপের পূর্বাভাস,বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা

দেশের তিনটি বিভাগ ও ছয় জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। এ অবস্থায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৭ মার্চ) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপের পাশাপাশি একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু’একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রপাত, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

তাপপ্রবাহ প্রসঙ্গে পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

All Categories