রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দ্বিতীয়বার জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগাচ্ছে
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আবারও পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। কর্তৃপক্ষ আশা করছে আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে প্রথম ইউনিট সম্পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবে।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানিয়েছেন, দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ চলবে। এই সময় বিদ্যুৎকেন্দ্র এবং জাতীয় গ্রিডের সমন্বয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুরের প্রথম ইউনিট থেকে প্রথমবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রথম দফায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়। ওই বিদ্যুতের বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, প্রথম দফার পরীক্ষায় টারবাইন ও জেনারেটরের কার্যকারিতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হয়েছে। সন্তোষজনক ফলাফল পাওয়ায় দ্বিতীয় দফায় পুনরায় সংযোগ দেওয়া হয়েছে। পরীক্ষার পর পরিস্থিতি বিবেচনায় সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
তিনি আরও জানান, পরীক্ষার প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ানো বা কমানো হবে এবং কখনো কখনো ইউনিট সাময়িক বন্ধও থাকতে পারে। গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জাহেদুল হাসান আশা প্রকাশ করেছেন আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় সরবরাহ শুরু করবে, যা প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট হবে। এতে গ্রীষ্মকালে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেক কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এই গ্রিড সংযোগ প্রযুক্তিগত ও কারিগরি পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ। তবে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে এমন নয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে ক্ষমতা বৃদ্ধি করা হবে এবং প্রয়োজনীয় অনুমোদন শেষে ১০০ শতাংশ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুইটি ইউনিট নির্মাণ করা হচ্ছে, যার প্রতিটির ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।