দিনাজপুরে নতুন আলু বিক্রি শুরু, কেজি ৮০ টাকায়

দিনাজপুরের হিলি বাজারে আগাম জাতের নতুন আলু বিক্রি শুরু হয়েছে। মৌসুমের শুরুতেই নতুন আলুর খুচরা দাম প্রতি কেজি ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই বাজারে পুরাতন আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায়। দাম পার্থক্যের কারণে নতুন আলু কেনার ক্ষেত্রে ক্রেতাদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আজ সোমবার বিকেলে হিলি বাজারের কয়েকটি সবজির দোকানে নতুন আলু ছোট ডালায় সাজিয়ে রাখা হয়েছে। ব্যবসায়ীরা প্রতি কেজি ৮০ টাকা দরে আলু বিক্রি করছেন। উচ্চ মূল্যের কারণে অনেক ক্রেতাই নতুন আলু কেনার থেকে বিরত থাকছেন, যদিও কিছু ক্রেতা স্বাদ নেওয়ার জন্য সীমিত পরিমাণে কিনছেন।

সবজি কেনার জন্য হিলি বাজারে আসা আমিরুল হক জানান, “নতুন আলুর দাম শুনে আমি কিনিনি। প্রতি কেজি ৮০ টাকা অনেক বেশি। পুরাতন আলুই কিনেছি, যেটা মাত্র ১৫ টাকায় পাওয়া যাচ্ছে।”

হিলির সবজি বিক্রেতা বাবলু জানান, “গত শুক্রবার থেকে নতুন আলু বাজারে আসতে শুরু করেছে। এগুলো দিনাজপুরের বিরামপুর ও জয়পুরহাটের পাঁচবিবি এলাকার থেকে সংগ্রহ করা হয়েছে। মৌসুমের শুরুতে আগাম আলুর দাম বেশি থাকে। বর্তমানে খুচরা বিক্রির দাম ৮০ টাকা। পুরাতন আলুর দাম কম থাকায় নতুন আলু নেওয়ার আগ্রহ কম। আশা করছি নতুন আলুর সরবরাহ বাড়লে দাম কমে আসবে।”

All Categories