শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তবে একই দিনে টার্মিনালটি সম্পূর্ণরূপে কার্যকর হবে না।

প্রাথমিক পর্যায়ে চারটি ফ্লাইট চালু করা হবে এবং এরপর ধাপে ধাপে কার্যক্রম বৃদ্ধি পাবে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরোপুরি চালু হতে এখনও ১৪ মাসেরও বেশি সময় লাগবে।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে জাপানভিত্তিক কনসোর্টিয়ামের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তি সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

মন্ত্রী আরও জানান, উদ্বোধনী দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রথম ফ্লাইট পরিচালনা করবে। তবে পুরো কার্যক্রম চালুর জন্য অন্তত ১৪ মাস সময় প্রয়োজন হবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করার বিষয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন সময় নির্ধারণ করবেন, তখন সেটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধিত হবে।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ২১ হাজার ১৩৯ কোটি টাকার অর্থায়নে নির্মিত এই তৃতীয় টার্মিনালটি ২০২৩ সালের অক্টোবর মাসে সফট ওপেনিং হয়েছিল। কিন্তু পরিচালনা ও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত সমস্যার কারণে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ২০১৯ সালের ডিসেম্বর থেকে নির্মাণ কাজ শুরু হওয়া এই প্রজেক্টটি ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার আয়তনে বিস্তৃত।

টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা বছরে ৮০ লাখ থেকে বাড়িয়ে ২ কোটি ৪০ লাখে উন্নীত করা যাবে। এ ছাড়াও কার্গো পরিচালনায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে। আধুনিক এই টার্মিনালে ২৬টি বোর্ডিং ব্রিজ, ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৬টি প্রস্থানের ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি আগমনের ইমিগ্রেশন ডেস্ক এবং তিনটি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক রয়েছে।

All Categories