পশ্চিমবঙ্গে গরু জবাই নিষিদ্ধে নতুন আইন আনছে সরকার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার ঘোষণা করেছেন, রাজ্যে গরু জবাই সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরে তিনি জানান, গরু জবাইয়ের নিয়ম আরও কঠোর করা হবে এবং বেআইনি জবাইয়ের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নতুন একটি আইন প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, অনুমোদিত কসাইখানায় আইন মেনে পশু জবাইয়ের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে বেআইনি জবাইয়ের ঘটনা ঘটলে তা দমন করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলা হবে।

গত মে মাসে বিজেপি সরকারের অধীনে গরু, বলদ ও মহিষ জবাই নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সেই বিধিনিষেধের কঠোর বাস্তবায়নের পাশাপাশি এবার নতুন আইন আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন নিয়মে কসাইখানায় জবাইয়ের আগে সরকারি পশুচিকিৎসকের শংসাপত্র নেওয়া এবং পশুর বয়স ও সক্ষমতার শর্তাবলী নির্ধারণ করা হয়েছে। বেআইনি জবাইয়ের ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে পারে।

এদিন মন্ত্রিসভার বৈঠকে বয়স্ক ও অসুস্থ গরুর যত্নের জন্য গোশালাগুলিকে বছরে সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থায়ন কেন্দ্র সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় প্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

All Categories