জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক সরাসরি প্রচার হবে অনুমতি সাপেক্ষে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের সুযোগ মিলতে পারে। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানিয়েছেন, ট্রাইব্যুনালের অনুমতি পেলেই বিটিভি ও প্রসিকিউশনের ফেসবুক পেজ থেকে যুক্তিতর্ক উপস্থাপনা সরাসরি সম্প্রচার করা হবে।
মঙ্গলবার এই মামলায় যুক্তিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। প্রসিকিউটর গাজী এমএইচ তামীম সোমবার এক লিখিত বার্তায় জানান, আগামীকাল থেকে যুক্তিতর্ক শুরু হবে এবং অনুষ্ঠানটি ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে জনগণের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
জিয়াউল আহসানের পক্ষে রোববার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন আইনজীবী তাসলিমা জাহান পপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাফাই সাক্ষ্য দেন। মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয় ৮ ফেব্রুয়ারি। প্রথম সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দি প্রদান করেন।
এই মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রমে অংশ নিচ্ছেন।