প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সড়ক ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সড়ক ব্যবস্থায় ব্যাপক আধুনিকায়ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। তিনি একই সঙ্গে জ্বালানি খরচ কমাতে এবং পরিবেশ রক্ষায় রাইড শেয়ারিং অ্যাপে ইলেকট্রিক যানবাহন সংযোজনের আহ্বান জানান।

সোমবার (২৩ নভেম্বর) গুলশানে হোটেল দ্য ওয়েস্টিনে বাংলাদেশে উবারের দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

মীর হেলাল উদ্দীন বলেন, “দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী সড়ক প্রশস্তকরণ ও সংস্কারে জোর দিয়েছেন। প্রধান সড়কগুলোকে ৮ লেনে উন্নীত করার মাধ্যমে নিরাপদ ও আনন্দঘন যাত্রার সুযোগ তৈরি করা হচ্ছে। রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে হবে।”

তিনি আরো বলেন, “ইলেকট্রিক যানবাহন চালু করা অত্যন্ত জরুরি কারণ এতে পরিচালন ব্যয় কমে যায়। এতে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় সেবা পাবেন এবং চালক ও প্রতিষ্ঠান উভয়ই লাভবান হবেন। এছাড়া পরিবেশবান্ধব এই পদ্ধতিতে কার্বন নিঃসরণ কমবে এবং পরিবেশ রক্ষায় সহায়তা করবে।” তিনি উবারের এক দশকের সাফল্যকেও বিশেষভাবে প্রশংসা করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব উল্লেখ করেন, “সরকার দেশের সড়ক ও পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছে। ইতোমধ্যে ইলেকট্রিক যানবাহন ব্যবহার ও আধুনিক ট্রাফিক আইন প্রণয়ন শুরু হয়েছে। এসব পরিবর্তনের ফলে প্রযুক্তিভিত্তিক পরিবহন সেবা যেমন উবার আরও বেশি কার্যকর হবে।”

অনুষ্ঠানে সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, ইনভেস্টমেন্ট সার্ভিসের মহাপরিচালক গাজী একেএম ফজলুল হক, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান এবং উবার বাংলাদেশের কান্ট্রি হেড এসএম জমশেদ হাসানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

All Categories