রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কমছে না, আগের বরাদ্দই থাকবে: জাতিসংঘ

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে। শুরুতে এপ্রিল থেকে জনপ্রতি মাসে খাদ্য সহায়তার পরিমাণ ১২ ডলার থেকে কমিয়ে ৬ ডলারে আনার কথা বলা হলেও, এখন সেই সিদ্ধান্ত আর কার্যকর হচ্ছে না।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অবস্থানরতদের জন্য WFP এখনো মাসিক ১২ মার্কিন ডলার এবং ভাসানচরে থাকা রোহিঙ্গাদের জন্য ১৩ মার্কিন ডলার সহায়তা দিয়ে যাবে।

তিনি আরও জানান, WFP সম্প্রতি একটি চিঠির মাধ্যমে নিশ্চিত করেছে যে, তহবিল সংকট থাকলেও খাদ্য সহায়তা কমানো হবে না। উল্লেখ্য, মার্চ মাসের ৫ তারিখে RRRC কার্যালয় খাদ্য সহায়তা কমানোর বিষয়ে একটি চিঠি পেয়েছিল।

বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৩টি আশ্রয়শিবিরে প্রায় ১২ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাস করছে। এর মধ্যে প্রায় ৮ লাখই এসেছে ২০১৭ সালের আগস্ট মাসের পর থেকে। তবে এতদিনেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

All Categories