রংপুর অভিমুখী লং মার্চের সব প্রস্তুতি সম্পন্ন
১১ দলীয় ঐক্য রংপুর অভিমুখী লংমার্চের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সহস্রাধিক গাড়ি নিয়ে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করবে এই বহর। সমাবেশটি সকাল ৭টায় রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউয়ে শুরু হবে এবং সকাল ৮টায় টঙ্গী-গাজীপুর-টাঙ্গাইল হয়ে রংপুরের পথে রওনা হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। তিনি বলেন, "আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের ব্যাপক প্রস্তুতি চলছে। এই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে সহযোগিতা করার জন্য সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।"
গোলাম পরওয়ার বলেন, ‘সরকারের প্রতি আবেদন যে, এই সুশৃঙ্খল শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধার সৃষ্টি বা অন্তরায় সৃষ্টি করা না হয়।’
লং মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা এই লং মার্চের যাত্রীদেরকে ১১ দলের নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছি, কোনো উসকানির মুখে চরম ধৈর্য এবং সংযমের পরাকাষ্ঠা দেখিয়ে আমাদের এই গণতান্ত্রিক কর্মসূচিকে আমরা সফল করব। আমরা কারো উসকানিতে পা দেব না।’
এ সময় বিএনপি, ক্ষমতাসীন দল, সরকার, প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ ও সড়কপথের সংশ্লিষ্টদের লং মার্চে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘এত বড় কর্মসূচি, হাজার হাজার লোকের এই বহর, যেখানে সহস্রাধিক গাড়ি থাকবে, দিনের নিত্যদিনের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, যানবাহন চলাচলে হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হতে হবে। আমরা আবারও তাদের কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র, দেশ, জাতি, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য, জনস্বার্থের প্রয়োজনে এ দেশে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেইসব আন্দোলনে এ দেশের অনেক শ্রেণি-পেশার মানুষ অনেক কষ্ট স্বীকার করেছে।’
গোলাম পরওয়ার বলেন, ‘চট্টগ্রামের সে উদাহরণ দেশবাসী রেখেছে। আশা করি রংপুর অভিমুখী লং মার্চে তারা আমাদের এই দুঃখ প্রকাশ, অনুভূতি জানিয়ে আমাদের এই লং মার্চকে সফল করবেন, ইনশাআল্লাহ।’
লং মার্চের প্রস্তুতি সম্পর্কে গোলাম পরওয়ার বলেন, ‘গত রাতে আমরা ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা এবং রংপুর পথে মোট সাতটি জনসভা এবং পাঁচটি পথসভার প্রস্তুতির জন্য নির্দেশনা দিয়েছিলাম। জনগণের, সব রাজনৈতিক দলের এবং প্রশাসনিক সহযোগিতা-সহানুভূতি আমরা গত রাত পর্যন্ত পেয়েছি।’
রংপুর অভিমুখী লং মার্চের দাবিগুলো তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র এবং জন-আকাঙ্ক্ষার দাবি পূরণের লক্ষ্যে চট্টগ্রাম অভিমুখে আমাদের লং মার্চের ছয়টা দাবি যুক্ত ছিল। রংপুর অভিমুখী লং মার্চে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্বের সাত দফা দাবি যুক্ত করেছি।’
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা ইতোমধ্যেই রংপুর পর্যন্ত গোটা উত্তরবঙ্গে এই মেসেজটা পৌঁছে দিয়েছি। তারা অত্যন্ত উল্লসিত, আনন্দিত।’
লং মার্চের সময়সূচি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘আগামীকাল সকাল ৭টায় দেশের ঐতিহাসিক মানিক মিয়া এভিনিউ থেকে সমাবেশ শুরু হবে এবং সকাল ৮টায় রংপুরের দিকে যাত্রা করতে পারব।’
তিনি আরও বলেন, ‘আশা করছি চট্টগ্রাম অভিমুখে লং মার্চ যেভাবে সফল হয়েছিল, উত্তরবঙ্গ অভিমুখে লং মার্চ তার চেয়ে কোনো অংশেই কম নয়।’