রিপাবলিকান সিনেটরকে হারিয়ে ইলিনয়ের অঙ্গরাজ্য সিনেটে জয়ী ২৭ বছরের ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নাবিলা সৈয়দ

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী আসনটির বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বি হিলসকে হারিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটের প্রায় ৯৪ শতাংশ গণনা শেষে দেখা যায়, নাবিলা পেয়েছেন ৫৭ শতাংশ ভোট, আর ডার্বি হিলসের ঝুলিতে গেছে ৪৩ শতাংশ।

জয়ের পর সমর্থকদের উদ্দেশে নাবিলা বলেন, তার প্রচার দল ও স্বেচ্ছাসেবকেরা মানুষের জীবনের সবচেয়ে জরুরি সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। কেবল ভোটে জেতার জন্য নয়, সহমর্মিতাকে সামনে রেখেই তারা প্রচার চালিয়েছেন।

ইলিনয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের শহরতলির এই আসনের লড়াই অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছিল। রিফর্ম ফর ইলিনয়ের নির্বাহী পরিচালক আলিসা কাপলানের হিসাবে, দুই প্রার্থীর প্রচারে মোট খরচ হয়েছে প্রায় ৬৫ লাখ ডলার। এর মধ্যে নাবিলা অনুদান পেয়েছেন অন্তত ৪৭ লাখ ডলার, যার ৩০ লাখের বেশি এসেছে ইলিনয় ডেমোক্রেটিক পার্টি ও দলের সিনেট তহবিল থেকে। ডার্বি হিলস পেয়েছেন ১৮ লাখ ডলার।

প্রচারে বিপুল অর্থ খরচের সমালোচনা করে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অসৎ কৌশলের অভিযোগ তুলেছেন হিলস। অন্যদিকে নাবিলার বিরোধিতায় গত মাসে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটিও গঠন করা হয়েছিল।

২০২১ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলে ক্যাম্পাস থেকে স্নাতক শেষ করে নাবিলা ইলিনয় প্রতিনিধি পরিষদের ৫১তম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হন। বর্তমানে তিনি সেখানে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। রাজ্য আইনসভায় নির্বাচিত সবচেয়ে কম বয়সী নারী এবং হাতে গোনা মুসলিম সদস্যদের একজন তিনি।

প্রচারের সময় মুসলিমবিদ্বেষী মনোভাবের সমালোচনা করেন নাবিলা। তিনি জানান, বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়ে তাকে বিদ্বেষপূর্ণ ও হুমকিমূলক কথা শুনতে হয়েছে, নিজের বেড়ে ওঠা এলাকাতেই প্রমাণ করতে হয়েছে যে তিনি এ দেশেই জন্মেছেন। জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখা ও স্বাস্থ্যসেবায় সবার প্রবেশাধিকার নিশ্চিত করাকে নিজের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।

All Categories