রাশমিকা মান্দানা চারশো পরিবারের দায়িত্ব নিলেন
বিয়ের পর মানবসেবায় মনোনিবেশ করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত ফেব্রুয়ারিতে রাজকীয় বিয়ের পর তিনি দেশের বিভিন্ন মন্দিরে অন্নদান ও মিষ্টি বিতরণের আয়োজন করেন।
এবার তিনি চারশো পরিবারের দায়িত্ব নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন।
অভিনেত্রীর মতে, ‘মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় বড় কিছু করার প্রয়োজন নেই। ছোট কোনও উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে।’
রাশমিকা আগামী একবছরের জন্য চারশো পরিবারের অন্নসংস্থান করবেন। পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আগামী একবছর প্রতি তিন মাসের ব্যবধানে ওই পরিবারগুলির কাছে পৌঁছে যাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। তালিকায় রয়েছে ৭৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৩ কেজি রাগি, ১০ লিটার ভোজ্যতেল, ১৫ কেজি ডাল, ২ কেজি সোয়াবিনসহ নুন, হলুদ, চিনি, লঙ্কাগুঁড়ো ও চাপাতা। হায়দরাবাদ, মহাবুবনগর, ব্যাঙ্গালুরু, কোচি, চেন্নাই, কোডাগু, বিজয়ওয়াড়ার মতো বিভিন্ন জায়গার দুস্থ পরিবারগুলি এই পরিষেবা পাবেন।’
রাশমিকা বলেন, ‘এযাবৎকাল এই কাজগুলি আমি অগোচরেই করতাম, তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানালাম, কারণ আমার থেকে অনুপ্রাণিত হয়ে যদি আরও পাঁচজন এই কাজ করেন, তবে বহু মানুষ উপকৃত হবেন।’
অভিনেত্রী জানান, তার এই উদ্যোগ দেখে যদি অনুরাগীরা অন্যদের সাহায্য করতে অনুপ্রাণিত হন, তবে তার এই প্রচেষ্টা সার্থক হবে।
বর্তমানে রাশমিকা তার আসন্ন সিনেমা ‘রানাবলী’র প্রচারে ব্যস্ত রয়েছেন।