রাশিয়ার তেলঘাঁটিতে ইউক্রেনের ধারাবাহিক হামলা,বিশ্ববাজারে দাম উর্ধ্বগতি,ভারতের আমদানিতেও পড়বে প্রভাব?
পূর্ব ইউরোপে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেও লড়াই চলছে সমান তালে। এ অবস্থায় রাশিয়ার ভেতরে নতুন কৌশল নিয়েছে ইউক্রেন। তাদের প্রধান নিশানা এখন রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো।
আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন বেছে বেছে রাশিয়ার তেল শোধনাগার, পাম্পিং স্টেশন ও জ্বালানিবাহী ট্রেনে হামলা চালাচ্ছে। এতে যেমন রুশ সেনাবাহিনী সমস্যায় পড়ছে, তেমন সাধারণ মানুষের জীবনও বিপর্যস্ত হচ্ছে। এক মাসের ব্যবধানে রাশিয়ায় জ্বালানির দাম প্রায় ১০ শতাংশ বেড়ে গেছে। সংকট মোকাবিলায় সরকার পেট্রল রফতানি নিষিদ্ধ করেছে, কিন্তু ঘাটতি কাটেনি।
শুধু চলতি আগস্টেই অন্তত ১০টি প্রধান জ্বালানিকেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ জ্বালানি খাতের গোয়েন্দা সূত্রের দাবি, যেসব শোধনাগারে হামলা হয়েছে, সেগুলো থেকে বছরে ৪ কোটি টনের বেশি তেল উৎপাদিত হয় যা রাশিয়ার মোট উৎপাদনের প্রায় ১০ শতাংশ। হামলার শিকার হয়েছে দক্ষিণ রাশিয়ার ভলগোগ্রাদে অবস্থিত লুকোইল কেন্দ্র, যা দেশটির অন্যতম বৃহৎ শোধনাগার। এ ছাড়া সারাটভ ও রোস্তভ অঞ্চলের শোধনাগারগুলোতেও হামলা হয়েছে। এর ফলে ক্রাইমিয়াসহ বিভিন্ন এলাকায় জ্বালানির ঘাটতির খবর পাওয়া যাচ্ছে।
রাশিয়ার প্রশাসন অবশ্য ইউক্রেনের হামলার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি। দেশটির কর্মকর্তারা বলছেন, এটি ‘যুদ্ধকালীন রসদ সরবরাহজনিত সংকট’। ক্রাইমিয়ার গভর্নর সারগেই আকসিওনভ জানিয়েছেন, জ্বালানির দাম নিয়ন্ত্রণে আনতে সরকার জরুরি পদক্ষেপ নিচ্ছে।
রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা ভারত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিদেশি বাজারে ছাড় দিয়ে তেল বিক্রি শুরু করে মস্কো। ফলে রাশিয়া থেকে আমদানির পরিমাণ বাড়িয়ে দেয় নয়াদিল্লি। কিন্তু এ নিয়ে বারবার আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি আমেরিকা ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ‘জরিমানা’ স্বরূপ।
বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার ভেতরে শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক বাজারেও সরবরাহ ব্যাহত হতে পারে। সে ক্ষেত্রে ভারতকে বেশি দামে অন্য দেশ থেকে তেল কিনতে হবে। এতে দেশটির ভেতরেও জ্বালানির দাম বাড়তে পারে।