রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন। আগামী রোববার রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দিলে সংসদে তাঁর আসন শূন্য হবে। তবে এ কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।
এদিকে, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আর ভোট গ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
রিটে ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া হয়েছে।