রাজবাড়ী বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড, উত্তেজনা ছড়ালো

রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে দুর্বৃত্তদের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে পৌর শহরের দলীয় কার্যালয়ে এই ঘটনা ঘটে।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হন। এ সময় তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ের প্রবেশপথের কেঁচিগেটে আগুন ধরিয়ে দেয়। তারা দাবি করেন, কার্যালয়ের ভেতরেও কেরোসিন ছিটিয়ে রাখা হয়েছিল। আগুনে গেটের পাশাপাশি কার্যালয়ের কিছু ব্যানার ও লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল বলেন, জেলা বিএনপির কার্যালয়টি পরিকল্পিতভাবে পুড়িয়ে দেওয়ার জন্য একটি মহল এ ঘটনা ঘটিয়েছে। আমাদের ছেলেরা ও কেয়ারটেকার রাত ১টা পর্যন্ত কার্যালয়ে ছিলেন। তারা চলে যাওয়ার পরই এ ঘটনা ঘটানো হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল পার্টি অফিসটি জ্বালিয়ে দেওয়া। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইনগত ব্যবস্থা নেবো।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু ও গাজী আহসান হাবিব অভিযোগ করেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

জেলা বিএনপি কার্যালয়ের কেয়ারটেকার আতর আলী শেখ বলেন, আমি রাত ১টার দিকে কার্যালয়ের প্রতিটি তালা চেক করে বাড়িতে চলে যাই। তখন কাউকে দেখিনি। সকাল সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী এসে আমাকে জানান, কার্যালয়ের কেঁচিগেট পোড়া। এরপর আমি এসে ঘটনাটি দেখি এবং নেতাকর্মীদের খবর দিই।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, জেলা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। এসে দেখি কেরোসিন দিয়ে আগুন লাগানো হয়েছে। যেই হোক না কেন, আমরা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনব। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণেও কেরোসিন দিয়ে আগুন লাগানোর কথা উঠে এসেছে।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

All Categories