রাফিনিয়ার দুর্দান্ত ফর্মে ফিরছে মেসি-রোনালদোর যুগ

লা লিগায় এক সময় অবিশ্বাস্য সব গোল আর রেকর্ডের দেখা মিলত। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগে এক মৌসুমে ৪৮ বা ৫০ গোল করা ছিল স্বাভাবিক। কিন্তু সময়ের পরিবর্তনে অনেকেই মনে করেছিলেন, সেই রূপকথার দিনগুলো চিরতরে শেষ হয়ে গেছে। তবে বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া সেই ধারণা পাল্টে দিচ্ছেন।

চলতি লা লিগা মৌসুমে প্রথম ৭ ম্যাচে রাফিনিয়া করেছেন ১২টি গোল, যা তাকে ফুটবলের সর্বকালের সেরাদের কাতারে স্থান দিয়েছে। এই পরিসংখ্যান মেসি ও রোনালদোর স্বর্ণালী শুরুর দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। তবে রাফিনিয়ার এই গোল উৎসবের পেছনে রয়েছে অন্য একটি গল্প।

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পাওয়ায় রাফিনিয়া বড় ধাক্কা খেয়েছিলেন। কিন্তু তিনি মাঠে গোলের মাধ্যমে এর জবাব দিচ্ছেন। হান্সি ফ্লিকের অধীনে নতুন ট্যাকটিক্যাল পজিশনে খেলে রাফিনিয়া এখন প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য ভীতির কারণ হয়ে উঠেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, প্রথম সাত ম্যাচের গোলের হিসেবে রাফিনিয়া লিওনেল মেসিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম ৭ ম্যাচে ১৩ গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৭-১৮ মৌসুমে বার্সেলোনার জার্সিতে মেসি করেছিলেন ১১ গোল। চলতি মৌসুমে ১২ গোল করে রাফিনিয়া মেসিকেও ছাড়িয়ে গেছেন।

রাফিনিয়ার বর্তমান ফর্ম নতুন করে আশার আলো দেখাচ্ছে। প্রতি ম্যাচে ১.৭১ গড়ে গোল করে চলা এই ব্রাজিলিয়ান যদি এই ধারা অব্যাহত রাখেন, তবে মৌসুম শেষে তার গোলের সংখ্যা ৬৫-এ পৌঁছাতে পারে। যদিও পুরো মৌসুমে এই ধারাবাহিকতা বজায় রাখা কঠিন, তবুও তার বর্তমান ফর্ম ফুটবলপ্রেমীদের পুরোনো সোনালী দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে।

All Categories