রাড্ডায় ভাঙচুরের ঘটনায় বিএনপির সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও ধ্বংসের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লা (৩৬) গ্রেফতার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ শনিবার (৩ অক্টোবর) মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খান বাংলা ট্রিবিউনকে জানান, রাড্ডা ভাঙচুরের ঘটনায় সাজ্জাদ হোসেন মিশু মোল্লার সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন মিশু মোল্লা শাহআলী থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা কমিটির সদস্য এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটির সবকিছু লুট করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এ পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১ অক্টোবর জাতীয় সংসদ ভবনে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।