পুত্রসন্তানের বাবা হলেন নির্মাতা কাজল আরেফিন অমি
পুত্রসন্তানের বাবা হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। আজ (২০ মে) রাজধানীর একটি হাসপাতালে অমির স্ত্রী সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন অমি নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানান, পুত্রসন্তানের বাবা হয়েছি। সন্তান ও তার মা—দুজনই সুস্থ আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
এর আগে, সন্তান আসার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন অমি। তিনি লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটালাম। আমাদের বেবি হবে। ছেলে না মেয়ে, আমি জানি না। জিজ্ঞেসও করিনি। শুধু চাই, আমার সন্তান ও স্ত্রী যেন সুস্থ থাকে। সবার কাছে দোয়া চাই।
প্রথমবার বাবা হওয়ার অনুভূতি জানতে চাইলে অমি বলেন, অনুভূতিটা একটু অন্যরকম। এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।
গত ২২ এপ্রিল ছিল এই নির্মাতার বিবাহবার্ষিকী। সে দিন স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে বাবা হতে চলার খবর জানান তিনি।
গেল ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমির ওয়েব ছবি হাউ সুইট। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল। এ ছাড়া তিনি সম্প্রতি ঘোষণা দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন নির্মাণের। ধারাবাহিকটি নিয়ে দর্শকের আগ্রহ এরই মধ্যে চোখে পড়ার মতো।