পুতিনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ ট্রাম্প, রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে রাশিয়ার ‘নৃশংস’ অভিযান অব্যাহত থাকায় হতাশা জানিয়ে তিনি বলেছেন, পুতিন এখন ‘অনেক মানুষকে হত্যা করছেন’। যুদ্ধ বন্ধে কোনো অগ্রগতি না হওয়ায় মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার কথাও জানান তিনি।
মঙ্গলবার (স্থানীয় সময়) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেন–রাশিয়া যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি পুতিনের কাজে খুশি নই। উনি অনেক মানুষকে হত্যা করছেন। বিষয়টা আরও জটিল হয়ে যাচ্ছে।
ওই দিন হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক ক্যাবিনেট বৈঠকেও পুতিনের ভূমিকা নিয়ে অসন্তোষ জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, পুতিন আমাদের ওপর আক্রমণ করছেন। এটা কী ধরনের বন্ধুত্ব?
ট্রাম্প আরও বলেন, পুতিনের কূটনৈতিক অবস্থান আজ হাস্যকর পর্যায়ে চলে গেছে। যুদ্ধ থামানোর কোনো উদ্যোগ নেই, বরং প্রতিদিনই মৃত্যুর মিছিল বাড়ছে।
রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্প বলেন, আমরা একটি নিষেধাজ্ঞা বিল নিয়ে আলোচনা করছি। খুব শিগগিরই সবাই জানতে পারবেন।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ থামাতে উদ্যোগী হন ট্রাম্প। উভয় পক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হলেও যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। বরং সাম্প্রতিক সময়ে দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা বাড়িয়েছে।
এর আগে ট্রাম্প প্রশাসন রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। সেই সময় আশা করা হয়েছিল, এতে যুদ্ধ বন্ধে ইতিবাচক অগ্রগতি হবে। কিন্তু পুতিনের অবস্থানে পরিবর্তন না আসায় যুক্তরাষ্ট্র আবারও কঠোর অবস্থান নিতে যাচ্ছে।
ইউক্রেন যুদ্ধের প্রকোপে প্রতিদিন ধ্বংস হচ্ছে শহর, বাড়ছে প্রাণহানি। এমন প্রেক্ষাপটে আবারও রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পথে হাঁটছে ওয়াশিংটন।