প্রকাশ্যে এলো নতুন 'হ্যারি পটার'

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে প্রকাশিত হলো এইচবিও নির্মিত নতুন ‘হ্যারি পটার’ সিরিজের প্রধান তিন চরিত্রের প্রথম ঝলক। পরিচিত সেই হগওয়ার্টসের ইউনিফর্ম, গোল ফ্রেমের চশমা আর হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার সামনে হাজির নতুন হ্যারি—ডমিনিক ম্যাকলাফলিন।

তাঁর পাশে দেখা গেছে হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে আরাবেলা স্ট্যানটন এবং রন উইজলি চরিত্রে অ্যালাস্টার স্টাউটকে।

নির্মাতাদের ভাষ্য, ত্রিশ হাজারের বেশি অডিশনের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন এই তরুণ ত্রয়ী। এর মধ্য দিয়ে শুরু হচ্ছে হ্যারি পটার জগতে নতুন এক অধ্যায়ের।

১৪ জুলাই ঘোষিত কাস্টিং তালিকায় আরও যুক্ত হয়েছেন— নেভিল লংবটম: ররি উইলমোট,ডাডলি ডার্সলি: আমোস কিটসন,ম্যাডাম হুচ: লুইস ব্রেলি,গ্যারিক ওলিভান্ডার: অ্যান্টন লেসার

বছরের পর বছর ধরে হ্যারি পটারের যে জাদুকরী জগৎ ভক্তদের মুগ্ধ করে রেখেছে, সেই জগৎই এবার নতুন করে হাজির হচ্ছে ছোট পর্দায়।

গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে দেখা যাবে—অ্যালবাস ডাম্বলডোর: জন লিথগো,মিনার্ভা ম্যাকগোনাগল: জ্যানেট ম্যাকটিয়ার,সেভেরাস স্নেপ: পাপা এসিডু,রুবিউস হ্যাগ্রিড: নিক ফ্রস্ট,তাছাড়া আছেন—ক্যাথরিন পার্কিনসন (মলি উইজলি),লক্স প্র্যাট (ড্রাকো ম্যালফয়),জনি ফ্লিন (লুসিয়াস ম্যালফয়),লিও আর্লি (সিমাস ফিনিগান),অ্যালেসিয়া লিওনি (পার্বতী পাতিল),সিয়েনা মুসা (ল্যাভেন্ডার ব্রাউন),বার্টি কারভেল (কর্নেলিয়াস ফাজ)।

এইচবিও এবং এইচবিও ম্যাক্সে ২০২৭ সালে প্রচার শুরু হবে বহুল প্রতীক্ষিত এই সিরিজের। যুক্তরাজ্যের ওয়ার্নার ব্রাদার্স স্টুডিও, লিভসডেনে চলছে চিত্রধারণ।

শোরনার ফ্রান্সেসকা গার্ডিনার। পরিচালনার পাশাপাশি নির্বাহী প্রযোজনায় আছেন মার্ক মাইলড। নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন লেখক জে. কে. রাউলিং, নীল ব্লেয়ার, রুথ কেনলি-লেটস এবং ডেভিড হেম্যান।

জাদুর চিঠি হাতে পেয়ে হ্যারি পটারের হগওয়ার্টসে যাত্রা, রন ও হারমায়োনির সঙ্গে বন্ধুত্ব, আর ধীরে ধীরে ভয়ংকর ভলডেমর্টের ছায়ায় জড়িয়ে পড়া—এই গল্পই ফিরছে আরও বিস্তৃতভাবে, আরও গভীরভাবে।

২০০১ সালে মুক্তি পাওয়া ‘‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোনু’ দিয়েই যাত্রা শুরু করে ‘হ্যারি পটার’ চলচ্চিত্র সিরিজ। রাতারাতি তারকাখ্যাতি পান ড্যানিয়েল র‌্যাডক্লিফ, এমা ওয়াটসন ও রুপার্ট গ্রিন্ট। শেষ সিনেমা ‘‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস- পার্ট ২’ মুক্তি পায় ২০১১ সালে।

তারপর কেটে গেছে এক যুগ। মাঝেমধ্যে গুঞ্জন উঠলেও নতুন কোনো প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অবশেষে ২০২৩ সালে এইচবিও ঘোষণা দেয় নতুন সিরিজ নির্মাণের। তবে দীর্ঘ দুই বছর অপেক্ষার পর এবার এল প্রথম ঝলক।

নতুন হ্যারি, নতুন হগওয়ার্টস—তবে আবেগ আর স্মৃতির ডালপালাগুলো ঠিক আগের মতোই। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা।

সবকিছু মিলিয়ে এক যুগ পর আবারও যাদুর জগতে ফেরার প্রস্তুতি নিচ্ছে বিশ্ব। এবারও সেই গল্প, তবে নতুন রূপে।

All Categories