পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, কবর খুঁড়লেন মেয়ে ও বোন; জামায়াতকে নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর কবর খুঁড়তে হয়েছে স্বজন নারীদেরই। অভিযোগ, স্থানীয় জামায়াত নেতাকর্মীদের বাধার মুখে গ্রামের কেউ এগিয়ে আসেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন ডা. তাসনিম জারা।

পোস্টে তিনি বলেন, এ দেশে কারও মৃত্যু হলে কবর খোঁড়ার লোক খুঁজতে হয় না; খবর পেলেই প্রতিবেশী তরুণেরা কোদাল নিয়ে হাজির হন। মৃতের দাফনে দেরি না করাই এখানকার রীতি।

তাসনিম জারার ভাষ্য অনুযায়ী, শনিবার সকালে ৮৭ বছর বয়সী মানিক পশারী মারা যান। সারা দিন তাঁর পরিবার মরদেহ নিয়ে দুশ্চিন্তায় কাটায়। অভিযোগ, এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা মিছিল করেন এবং মাইকে ও ফেসবুকে ঘোষণা দেন, পিরোজপুরে তাঁকে দাফন করতে দেওয়া হবে না।

মানিক পশারীর মেয়ে সীমু আক্তার স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, প্রথমে খোঁড়া কবর কিছু লোক এসে ভরাট করে দেয়। পরে তিনি ফুফুদের সঙ্গে নিয়ে নতুন করে কবর খোঁড়েন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় অন্য কাউকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত রাত দুইটার দিকে পুলিশি পাহারায় সেই কবরেই তাঁকে দাফন করা হয়। প্রশাসনের লোকজন ছাড়া পরিবারের বাইরের কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

তাসনিম জারা জানান, মানিক পশারী সরকারি গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা। তাঁর দাবি, জেলা জামায়াতের এক সহকারী সেক্রেটারি তাঁকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেন এবং গার্ড অব অনার ও পিরোজপুরে দাফনের বিরোধিতা করেন। দাফনের পর ওই নেতাই আবার বলেন, জামায়াত লাশের রাজনীতি করে না।

জারার মতে, কেউ মুক্তিযোদ্ধা ছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে এবং যাচাইয়ের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আদালত রয়েছে। কিন্তু দাফন আটকে দিয়ে সেই প্রশ্নের মীমাংসা করা যায় না। মৃতের পরিবারের পক্ষ থেকে জানাজার আগে ক্ষমা চাওয়ার যে সামাজিক রীতি, সেই সুযোগও এ পরিবার পায়নি।

তিনি আরও লেখেন, একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করা দলটির কর্মীরা এখন কে মুক্তিযোদ্ধা আর কার কবর কোথায় হবে, তা ঠিক করে দিতে চাইছেন। নিজেদের নেতাদের ক্ষেত্রে ন্যায়বিচার ও মানবাধিকারের কথা বললেও অন্যদের বেলায় তাঁরা তা মানছেন না বলে মন্তব্য করেন তিনি। বিরোধী দলে থেকেই যদি এমন আচরণ হয়, তাহলে রাষ্ট্রক্ষমতা পেলে কী হবে, সেই প্রশ্নও তোলেন তাসনিম জারা।

All Categories