পিআর পদ্ধতিসহ ৫ দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি জানান, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করবে জামায়াত।

ডা. তাহের বলেন, একতরফাভাবে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা অন্যায় হয়েছে। কালো টাকার ব্যবহার, পেশিশক্তিসহ নানা অনিয়ম রোধে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি। মানুষের দাবিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাই গণআন্দোলনের বিকল্প নেই।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনে অংশ নেব না এমন কথা কখনো বলিনি। বরং আমরা চাই, আমাদের দাবির ভিত্তিতে নির্বাচন আয়োজন হোক। জুলাই সনদের আইনি ভিত্তির আলোকে ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে।

সমমনাদের প্রায় একই দাবিতে কর্মসূচি দেওয়ার প্রসঙ্গে তাহের বলেন, “যেহেতু দাবি এক, প্রত্যেকে তার নিজের মতো কর্মসূচি পালন করছে। এটিকে এখনো যুগপৎ কর্মসূচি বলছি না।

অন্য দলের দাবিকে যৌক্তিক মনে করলে সমর্থনের কথা উল্লেখ করে ডা. তাহের বলেন, “যুক্তিই ঠিক করবে কোনটা যৌক্তিক। পিআরে ভোট দেওয়া কোনো জটিলতা নয়, বরং জনগণের জন্য বিদ্যমান পদ্ধতির চেয়ে সহজ হবে।”

ফেব্রুয়ারির নির্বাচনে অনিশ্চয়তা দেখছেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও পাঁচ মাস সময় আছে। এর মধ্যে আমাদের দাবি পূরণ সম্ভব।

নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য জামায়াত বিভিন্ন দাবি তুলছে অন্য রাজনৈতিক দলের এমন অভিযোগ প্রসঙ্গে তাহের বলেন, এটা তাদের জিজ্ঞাস করুন। কী প্রমাণ আছে আমরা নির্বাচন পেছাতে চাই?

All Categories