পারল না বাংলাদেশ, অনায়াস জয়ে সিরিজ শ্রীলঙ্কার
আগের ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পর এবার ২০০ ছাড়ানো সংগ্রহ গড়ল বাংলাদেশ নারী দল। কিন্তু বোলাররা এবারো লড়াই জমাতে পারলেন না। আরেকটি অনায়াস জয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল শ্রীলঙ্কা নারী দল।রাজশাহীতে আজ শনিবার (২৫ এপ্রিল) সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
এই সিরিজ দিয়েই আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করেছে এই দল। জয়ে শুরুর পর টানা দুই ম্যাচ হেরে গেল বাংলাদেশ। ঘুরে দাঁড়িয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল শ্রীলঙ্কা।প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল রান তাড়া করে।পরের দুই ম্যাচেই হার সঙ্গী হলো আগে ব্যাটিং করে। দ্বিতীয় ম্যাচে ১৬৫ রানে গুটিয়ে যাওয়া নিগার সুলনাতার দল শেষটিতে ৫০ ওভারে করে ২১৩ রান।
পাঁচে নেমে ৮ চারে ৮০ বলে ক্যারিয়ারসেরা ৭৪ রান করেন সোবহানা মোস্তারি। নিগার ৪০ রান করলেও ব্যাটিং করেন কচ্ছপ গতিতে; খেলেন ৯০ বল।বাংলাদেশের আর কেউ ২৫ ছাড়াতে পারেননিশ্রীলঙ্কা লক্ষ্য ছুঁয়ে ফেলে ২১ বল হাতে রেখে। ১৩ চারে ১৩১ বলে ৯৫ রান করেন হাসিনি পেরেরা। ম্যাচসেরার পুরস্কারও হাসিনি হাতেই উঠেছে।তিন ম্যাচে ১১৬ রান করে সিরিজসেরা হয়েছেন ইমশো দুলানি। এরপর সিলেটে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। প্রথম টি-টোয়েন্টি আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল)।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী দল: ৫০ ওভারে ২১৩/৮ (মোস্তারি ৭৪, নিগার ৪০, শারমিন ২৫, রিতু ২০; কাভিশা ৩/৪৮, নিমাশা ২/৪০, আতাপাত্তু ১/৩৫)।
শ্রীলঙ্কা নারী দল: ৪৬.৩ ওভারে ২১৪/৩ (হাসিনি ৯৫, দুলানি ৫৬, হার্শিথা ৪৪*; মারুফা ২/৪৯, মোস্তারি ১/১২)।
ফল: শ্রীলঙ্কা নারী দল ৭ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ শ্রীলঙ্কা নারী দল ২-১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: হাসিনি পেরেরা।
সিরিজসেরা: ইমেশা দুলানি।