পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মিলল রক্তাক্ত লাশ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাখাওয়াত হোসেন (২৭) নামের এক অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা তাঁর অটোভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা সেতুর পাশ থেকে পুলিশ তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে।
নিহত সাখাওয়াত হোসেন উপজেলার উঁচাই সূর্যপুর গ্রামের প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সাখাওয়াত। সন্ধ্যা সাতটা পর্যন্ত মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কথা হয়। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি।
বুধবার সকালে পাথরঘাটা সেতুর পাশে তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। স্থানীয় বাসিন্দা জুয়েল হোসেন বলেন, সেতুর পাশে লাশ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহত চালকের অটোভ্যানটির সন্ধান এখনো পাওয়া যায়নি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।