পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদের কাছে উড্ডয়নের সময় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। কারিগরি ত্রুটির কারণে রাশিয়ায় নির্মিত এমআই-১৭ পরিবহন হেলিকপ্টারে এ দুর্ঘটনাটি ঘটেছে এবং হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানায় আইএসপিআর।

এক বিবৃতিতে সংস্থাটি বলে, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে হেলিকপ্টারে থাকা কোনো ব্যক্তিকে জীবিত পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখা হবে বলেও জানায় আইএসপিআর।পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সেনাবাহিনীর সব পর্যায়ের সদস্যরা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে ২০২৫ সালের আগস্টে খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ জেলায় খারাপ আবহাওয়ার কারণে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট ও তিন ক্রু সদস্য প্রাণ হারান।

 


 

All Categories