অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রের এক যুগের সমাপ্তি
বাংলা ও উর্দু চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী নাসিমা খান আর নেই। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান বিষয়টি নিশ্চিত করেন। বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেত্রী। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। এরপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। এ সিনেমার মাধ্যমে তিনি দর্শক মহলে পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন।
ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে তিনি নিজের অবস্থান তৈরি করেন। সে সময়ের চলচ্চিত্রাঙ্গনে তিনি ছিলেন একটি পরিচিত ও জনপ্রিয় মুখ।
দীর্ঘ অভিনয়জীবনে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে স্থান করে নেন। দীর্ঘ বিরতির পর ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রে সর্বশেষ তাকে পর্দায় দেখা যায়।
নাসিমা খানের মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে যুক্ত এক অভিনেত্রীর অধ্যায়ের সমাপ্তি ঘটলো। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
নাসিমা খানের জন্ম ১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে। তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। তার বাবা মোহাম্মদ মাসুদ খান ছিলেন ব্যবসায়ী।