অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রীদের জন্য কোনো ছাড় নেই: প্রধানমন্ত্রীর কঠোর বার্তা
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতা-কর্মী এবং সরকারের মন্ত্রী-এমপিদের জন্য কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো নেতা-কর্মী, এমপি বা মন্ত্রী যদি অপকর্মে জড়ায়, তবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
আজ রোববার বিএনপির সংসদীয় দলের সভায় তারেক রহমান এই কঠোর বার্তা দেন। সভায় অংশগ্রহণকারী একাধিক সংসদ সদস্য জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সরকার গঠনের পর আট মাসে কী কী কাজ হয়েছে, কোন কাজের অগ্রগতি কতটুকু, এবং কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে- এসব বিষয়ে সংসদ সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার সমস্যার বিষয়েও কথা শুনেছেন।
রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এই সভা শুরু হয়। নাম প্রকাশ না করার শর্তে এক সংসদ সদস্য জানান, সরকার গঠনের পর গত আট মাসে বিভিন্ন ক্ষেত্রে কী কাজ হয়েছে এবং সেসব কাজের অগ্রগতি কতটা, তা জানতে চান প্রধানমন্ত্রী। তিনি সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার সমস্যা ও মানুষের প্রত্যাশার বিষয়েও খোঁজ নেন।
সভা শেষে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার তাগিদ দেন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে জনপ্রিয় ও যোগ্য প্রার্থী মনোনয়ন দিতে বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ভোট নিরপেক্ষ করার ওপর গুরুত্ব দেন এবং কারচুপির অভিযোগে কাউকে কোনো ইস্যু সৃষ্টির সুযোগ না দেওয়ার কথা জানান।
সভা শেষে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছেন। জনগণের সঙ্গে থেকে কাজ করার এবং জনগণের জন্য কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে জনগণ সন্তুষ্ট থাকে।