‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৭৪৩ জন গ্রেপ্তার
অপারেশন ডেভিল হান্টে সারাদেশে আরও ৭৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাতে অপারেশনটি শুরুর পর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২০ দিনে মোট ১১ হাজার ৩১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৭৪৩ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে বুধবার থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১ হাজার ৬৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি শ্যুটারগান, একটি কার্তুজ ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে বলে জানান এআইজি ইনামুল হক সাগর।
ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার বাংলা অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বোঝানো হয়েছে।
অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলা করেন স্থানীয়রা। এতে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।