ওসমান হাদি হত্যা মামলায় কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার রুবেল ছয় দিনের রিমান্ডে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের সহযোগী মো. রুবেল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার পরপরই রুবেল আত্মগোপনে যান। তথ্যপ্রযুক্তি ও সোর্সের তথ্যের ভিত্তিতে সিআইডি, ঢাকা ডিবি পুলিশের সহযোগিতায় ২১ জানুয়ারি দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তাঁকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রুবেল হত্যাকাণ্ডের পূর্বপরিকল্পনা এবং ঘটনার পর এজাহারনামীয়সহ অন্যান্য আসামিদের আত্মগোপনে সহায়তার তথ্য দিয়েছেন বলে জানায় তদন্তকারী সংস্থা। তিনি ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী বলেও উল্লেখ করা হয়। মামলার রহস্য উদ্ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড চাওয়া হলেও আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আদালতে রুবেল নিজেকে নির্দোষ দাবি করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি জানান, তিন মাস আগে ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ফয়সালের সঙ্গে তাঁর কথা হয়েছিল। রিমান্ড আদেশের পর রুবেল বলেন, তাঁর পরিবার তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানে না। পরে বিচারক পুলিশকে পরিবারকে বিষয়টি জানানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া শরিফ ওসমান বিন হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে গুলি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় করা হত্যাচেষ্টা মামলা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়। মামলাটি বর্তমানে সিআইডির অধিকতর তদন্তাধীন।