অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে গভীর রাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়টি নির্ধারিত সময়ের আগেই গতি বাড়িয়ে বুধবার ভোররাত ২টা থেকে ৪টার মধ্যে স্থলভাগে উঠতে শুরু করে। এর প্রভাব ইতিমধ্যে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতেও পড়তে শুরু করেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে উত্তর বঙ্গোপসাগরে ঘন মেঘ জমছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ সাময়িক দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।